ভারতের কাশ্মীরে কারফিউ জারী করে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার প্রতিবাদে চাকরি থেকে পদত্যাগ করলেন ভারতের জন প্রশাসন বিভাগের কর্মকর্তা (আইএএস অফিসার) কান্নান গোপিনাথ। দুই সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরে কারফিউ জারি রেখেছে মোদি সরকার। আর এ কারণে সেখানকার জণসাধারন অবর্ণনীয় দূরাবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
৩৩ বছর বয়সী কান্নান গোপিনাথ কাশ্মীরবাসীর উপর চলমান জুলুমের প্রতিবাদ জানাতেই পদত্যাগ করেছেন। গত ২১ আগস্ট পদত্যাগের সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি এই নির্যাতন মেনে নিতে পারেন না বলে মন্তব্য করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে বেশ কিছু জনকল্যাণমূখী পদক্ষেপ নিয়ে ইতোমধ্যেই আলোচনায় এসেছিলেন এই কর্মকর্তা। তবে এবার খোদ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই বলিষ্ঠভাবে দাঁড়ালেন তিনি। গত ৭ বছর ধরে সুনামের সাথে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন গোপিনাথ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গোপীনাথন বলেন, ‘জম্মু ও কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষের মৌলিক অধিকার গত ২০ দিন ধরে খর্ব করা হয়েছে। আমি চাকরি ছাড়লেই যে পরিস্থিতি বদলাবে তা নয়। তবে নিজের বিবেকের কাছেও তো জবাব দিতে হবে। সেই সাথে সেখানকার মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়েছি এই সিদ্ধান্তের মাধ্যমে।’
প্রকৌশলী গোপিনাথ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করলেও বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। চাকরির আগে তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত ছিলেন। বিনা পারিশ্রমিকে বস্তিতে শিশুদের পড়াতেন। তবে চাকরি ছেড়ে এখন তিনি কি করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন এনডিটিভিকে।




