
রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়েছে আগেই, হাতেগোনা কিছু দোকানও খুলেছিল শনিবার (১৭ আগস্ট)। সোমবার (১৯ আগস্ট) কাশ্মীর জেলায় খুলবে ১৯০ প্রাথমিক বিদ্যালয়।
কাশ্মীরের মুখ্যসচিব(পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসল বিষয়টি জানিয়ে বলেন, পাশাপাশি বিভিন্ন ধরনের বিধিনিষেধও শিথিল করা হবে।
শনিবার কাশ্মীরের ৩৫ থানায় বিধিনিষেধ শিথিল করা হয়। রোববার তা বাড়িয়ে করা হয় ৫০। এতে কোনও জায়গা থেকে কোনও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেন কানসল।
তিনি বলেন, কাশ্মীর উপত্যকায় ল্যান্ডলাইন পরিষেবা সম্পূর্ণ চাল করতে পুরোদমে কাজ করে চলেছে বিএসএনএল।
এদিকে, রোববার জম্মুতে ফের বন্ধ করে দেওয়া হয় মোবাইলের ২জি পরিষেবা। চালু করা হয় বিধিনিষেধ। প্রশাসনের দাবি, ফোন চালু হতেই জম্মুর বিভিন্ন এলাকায় গুজব ছড়াতে থাকে। ভুয়া খবরে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ কথা মাথায় রেখেই বন্ধ করে দেওয়া হয় ২জি পরিষেবা। এদিন কয়েকটি পাথর ছোড়ার ঘটনাও ঘটে। ফলে ফের জারি করা হয় বিভিন্ন ধরনের বিধিনিষেধ।




