
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বারামুল্লার উরি সেক্টরে সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে ভয়াবহ গেরিলা হামলায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ ভারতীয় সেনাসদস্য এবং বাকি চারজন সন্দেহভাজন গেরিলা সদস্য। এছাড়া আহত হয়েছেন আরো ২০-২৫ জন সেনা সদস্য।
১৮ সেপ্টেম্বর, রোববার ভোর সাড়ে ৫ টার দিকে গেরিলারা এই ভয়াবহ হামলা চালায়। ২০১৪ সালের পর কাশ্মিরের উত্তরাঞ্চলে চালানো গেরিলা হামলাগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। বিবিসি জানায়, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ঐ ঘাটিতে বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা।
এমন ঘোলাটে পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তার নির্ধারিত বিদেশ সফর বাতিল করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে জরুরি বৈঠক করেছেন। সংবাদ সংস্থা পিটিআই জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের রাশিয়া এবং আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, চারজন ‘ফিদায়িন’ (আত্মঘাতী) উরি ওই ঘাঁটিতে অনুপ্রবেশ করে হামলা চালায়। পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনারা। প্রায় ছয় ঘন্টার ধরে চলা লড়াইয়ে সন্ত্রাসীদের সবাই নিহত হয়েছেন। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, গেরিলারা শিবিরের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে গোলাগুলি ও বিস্ফোরণ ঘটায়।
জানা যায়, গেরিলা এবং ভারতীয় সেনাদের সংঘর্ষে ভারতীয় ঘাঁটির কয়েকটি ব্যারাকে আগুন লেগে যায়। আহত সেনা জওয়ানদের হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর বাদামি বাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাঠে নেমেছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। অত্যন্ত সুরক্ষিত সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা আক্রমণের আদ্যোপান্ত বের করতে চেষ্টা করতে সেনাবাহিনী।




