কারণ না বলাতে সবাই আমাকে গালি দিচ্ছেন: স্পর্শিয়া

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা রাফসান আহসানের সঙ্গে দুই বছর আগে সংসার পেতেছিলেন। ২১ আগস্ট পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তারা। কিন্তু সম্প্রতি বিষয়টি প্রকাশ পায়।
তবে তারও অনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন স্পর্শিয়া। তিনি বলেন, এক বছর সংসার করেছি অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত। ২০১৬ সালের নভেম্বর থেকে আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই এবং আলাদা থাকতে শুরু করি। আসলে আমাদের ডিভোর্স গত বছরই হয়েছে। আগস্টে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হলো।

বিচ্ছেদের সিদ্ধান্ত কেন নিলেন জবাবে স্পর্শিয়া বলেন, কোনো মেয়েই তার সংসার ভাঙতে চায় না। সবাই সংসার করতে চায়। আর বিচ্ছেদের জন্য অবশ্যই একাধিক কারণ রয়েছে। তবে আমি নির্ধারিত কোনো কারণ উল্লেখ করতে চাই না। রাফসানকে নিয়ে কোনো অভিযোগও করতে চাই না। সত্যিকার অর্থে আমাদের মিল হচ্ছিল না। যেহেতু সমস্যা হচ্ছিল তাই আগে-ভাগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে স্পর্শিয়া রাফসানের পরিচয়। পারিবারিকভাবে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বাগদান হয়। ১ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্পর্শিয়া বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। স্পর্শিয়া অভিনীত ‘বন্ধন’ সিনেমার শুটিং ইতিমধ্যে পঞ্চাশ ভাগ শেষ হয়েছে।

তবে তাকে নিয়ে আলোচনার শেষ নেই মিডিয়ায়। একেক মিডিয়ায় একেক রকমের খবর প্রকাশ হওয়ায় বেশ ক্ষুব্ধ স্পর্শিয়া। বিচ্ছেদ কেন হলো বা নির্ধারিত কোনো কারণ না বলায় সেসব বিষয় নিয়ে নিউজে মনগড়া কাহিনী লেখা হচ্ছে বলেও অভিযোগ তার।
ফেসবুক স্ট্যাটাসে স্পর্শিয়া বলেন, আমি কারণ না বলাতে সবাই আমাকে গালি দিচ্ছেন। কারণ জানালে সবাই ঘুরে দারিয়ে তাকে গালি দিবেন। দিন শেষে গালিই দিবেন। আমাকেই দেন। আমি ইউসটু।’




