কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :কাপাসিয়াতে সিএনজি চালক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন মুহা. সালাউদ্দিন আইয়ূবি। তিনি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কাপাসিয়া থানা সংলগ্ন সিএনজি স্টেশনে সিএনজি চালকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন সংসদ সদস্য। এসময় তিনি চালকদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময়কালে সালাউদ্দিন আইয়ূবি বলেন, “সাধারণ মানুষের জীবিকা নির্বিঘ্ন রাখতে সিএনজি চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না।”
পরে তিনি কাপাসিয়া বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বাজার এলাকায় চলমান চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
মতবিনিময় ও কুশল বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমীর শেফাউল হক, কাপাসিয়া উপজেলা আমীর ফরহাদ মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।



