কানাইঘাটে চোরাই ‘গোডাউন’ থেকে ১১৬১ বস্তা চিনি জব্দ

সিলেট প্রতিনিধি: সিলেটের সীমান্ত উপজেলা কানাইঘাটে চোরাকারবারির ‘গোডাউন’ চিহ্নিত এলাকায় যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। চোরাকারবারিদের বাধা উপেক্ষা করে দুই দফায় দুটি অভিযানে ১ হাজার ১৬১ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়।
বুধবার (১০ জুলাই) সকালে ও গতকাল মঙ্গলবার রাতে দুই দফা অভিযান চালানো হয়। প্রথম দফার অভিযান চলাকালে চোরাকারবারিদের ধাওয়ার মুখে পড়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে একই স্থানে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫৮০ বস্তা চোরাই চিনি জব্দ করে।
পৃথক দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি এ প্রতিনিধিকে জানান,‘মঙ্গলবার বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৫৮১ বস্তা এবং বুধবার সকালে টাস্কফোর্সের অভিযানে ৫৮০ বস্তা চিনি জব্দ করা হয়। মঙ্গলবার রাতের অভিযানে বাধা দেওয়ায় ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’




