কাউখালীতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর আটক
মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইগ্যামাছড়া হতে অদ্য (শুক্রবার) ০১ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দে বিকাল ৪ ঘটিকায় ইউপিডিএফ প্রসিত মূল সন্ত্রাসী গ্রুপের চাঁদা কালেক্টর সাইচিউ মারমা (৩০) নামে এক চাঁদা কালেক্টরকে তার নিজ বাড়ি হতে আটক করেছে রাঙামাটি সদর জোন (১১ বেঙ্গল)।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সেনা সূত্রে জানা যায়, ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপের কালেক্টর সাইচিউ মারমা দীর্ঘদিন ধরে বড়ডুলু পাড়া, আমছড়ি, মাঝেরপাড়া ও বরইছড়ি এলাকায় চাঁদাবাজি করে আসছে। তার চাঁদাবাজিতে উক্ত জনপদের মানুষ অতিষ্ঠ। তার থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও বিভিন্ন প্রমাণপত্র পাওয়া যায়। সেনাবাহিনীর এই সফল অভিযানে উক্ত জনপদের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আটককৃত চাঁদা কালেক্টরের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



