উপমহাদেশশিরোনাম

কলকাতায় উড়াল সেতু ধসে বহু হতাহতের আশঙ্কা

দক্ষিণ কলকাতার মাঝের হাট উড়াল সেতু আচমকাই ধসে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে হুড়মুড়িয়ে ধসে পড়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি।
অনেকের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। এই ব্রিজের নীচেই রয়েছে বজবজ শাখার ট্রেন লাইন। ঘটনার পরেই শিয়ালদহ ডিভিশনের ওই লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিজের পাশেই রয়েছে মাঝেরহাট স্টেশন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌছছেন রেলের আধিকারিকরা। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনার পরই এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনার পর দেখা যায়, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙাচোরা গাড়ি। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে।
ঘটনার কিছু ক্ষণের মধ্যেই উদ্ধারকাজে নামে দমকল, বিপর্যয় মোকাবিলা দল। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীও। উদ্ধারকাজে ছুটে আসেন এলাকার মানুষজন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ প্রবল আওয়াজে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। সেতুর ওপরে যানবাহনগুলি ছিটকে পড়ে। বাস এবং বিভিন্ন গাড়ি-বাইকের আরোহীরা গুরুতর আহত হন।
সেতুর নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কি না তা স্পষ্ট নয়। এই সেতুর নিচ দিয়ে গেছে রেললাইন। দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল একটি লোকাল ট্রেন। সেতুর যে অংশ ভেঙে পড়েছে, ট্রেনটি তার নিচে থাকলে আরও বেশি প্রাণহানির আশঙ্কা ছিল।
আড়াই বছর আগেই পোস্তায় ভেঙে পড়েছিল সেতু। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। আহত হয়েছিলেন অন্তত ৮০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button