পাকিস্তানে করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে থাকায় দেশটির কর্তৃপক্ষ ২০টি বড় বড় শহরের নির্দিষ্ট কিছু কিছু এলাকা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।
কর্মকর্তারা বলছেন, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি – সেই এলাকাগুলোকে দু’সপ্তাহের জন্য সম্পূর্ণ ‘সিল’ করে দেয়া হবে। দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ পরিস্থিতিতে উন্নতি দেখা গেলে তবেই বিধিনিষেধ শিথিল করা হবে।
পাকিস্তান গত ২৩ মে ঈদের আগে আগে প্রায় সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল।
কিন্তু দেশটির স্বাস্থ্যকর্মী ও কিছু বিরোধীদলীয় গ্রুপ এখন বলছে, ওই সিদ্ধান্তের কারণেই সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। পাকিস্তানে গত এক মাসে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে গেছে।
গত ১৫ মে দেশটিতে কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ৩৭ হাজারের কিছু বেশি, আর ঠিক এক মাস পর মঙ্গলবার সেই সংখ্যা ১ লাখ ৪৯ হাজারে উঠে গেছে। বিবিসি




