করোনা : বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে এক জনের প্রাণহানি ঘটছে। বিগত দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এক পরিসংখ্যানে এ খবর জানায় রয়টার্স।
সংবাদ সংস্থাটি তাদের প্রতিবেদনে জানায়, বুধবারে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে।
দুই সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বজুড়ে গড়ে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৯০০ জনের মৃত্যু হচ্ছে। প্রতি ঘণ্টায় মারা যাচ্ছেন ২৪৭ জন, যা ১৫ সেকেন্ডে একজন।
মৃতের সংখ্যায় প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো। দেশগুলোতে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে। যা গতদিনের তুলনায় দ্বিগুণের বেশি।
বিগত সপ্তাহে দেশটিতে টানা চার দিন প্রতিনিয়ত ৬০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মাঝে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও দেশটিতে দুটোই ফের ঊর্ধ্বমুখী।
এদিকে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষ তালিকায় উঠে এসেছে ভারত। দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে ৫০ হাজারের বেশি জন করে।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে চীনের উহান থেকে এই করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এক কোটি ৮৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী ভাইরাসটির কোনো ভ্যাকসিন বা টিকা নাই।
বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যত দ্রুত সম্ভব টিকা বাজারে আনতে। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন ওষুধ কোম্পানি পাইজারের গবেষকদের আবিষ্কৃত টিকা বেশ আশা জাগিয়েছে বিশ্বজুড়ে।


