আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা: এক মাস পর উহানে নতুন আক্রান্ত

করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায় উহান। এপ্রিলের শুরুতে লকডাউন তুলে নেয়া হয় চীনের হুবেই প্রদেশের শহরটি থেকে। টানা ৭৬ দিনের লকডাউন শেষে কর্মব্যস্ত জীবন শুরু হয় উহানবাসীর।
চীনজুড়ে করোনা সংক্রমণ নেই বললেই চলে। তবে নতুন করে দেশটিতে ১৪ জনের দেহে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর তুলনায় একেবারে নগন্য সেটি।
বিবিসি জানায়, নতুন আক্রান্তদের মধ্যে একজন উহানের বাসিন্দা। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, ৮৯ বছর বয়সী এই কভিড-১৯ রোগীর অবস্থা আশঙ্কাজনক। করোনা টেস্টে পজিটিভ আসার আগে তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি।
আক্রান্ত ব্যক্তির এলাকার বাসিন্দাদের কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ডিসেম্বরের মাঝামাঝি উহান থেকে করোনা ছড়িয়ে পড়ে। শুরুতে চীনের মধ্যে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লেও এক মাসের মধ্যে বিশ্বের অন্যান্য দেশেও সংক্রমণ ঘটে ভাইরাসটির। চীনে আক্রান্ত হন ৮২ হাজার ৯০১ জন মানুষ, মারা যান ৪ হাজার ৬৩৩ জন। দেশটির আক্রান্ত ও মৃতের অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা।
এদিকে প্রাদুর্ভাব শুরু হওয়ার চার মাসে পৃথিবীর প্রায় সাড়ে ৪০ লাখ মানুষকে আক্রান্ত করেছে নভেল করোনাভাইরাস। এর মধ্যে মৃতের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছুঁইছুঁই। তবে ১৩ লাখ ৮৬ হাজার কভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button