উপমহাদেশশিরোনাম

করোনা আক্রান্তে যুক্তরাষ্ট্রকে টপকে যেতে পারে ভারত

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রধান হটস্পট এখন ভারত। বেশকিছু দিন ধরে দেশটি দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।
ভারত ভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা উন্নয়ন পরামর্শক সংগঠন আইপিই গ্লোবালের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিমানশু শিক্কা আনাদলু এজেন্সিকে এমন সম্ভাব্যতার কথা জানান।
ভারতে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। আক্রান্ত ও মৃতের হিসেবে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকে যাওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি। সম্প্রতি মাত্র ২০ দিনে ভারতে ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভারত এমনকি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে মহামারীর ভয়াবহতায়।
হিমানশু শিক্কা বলেন, ‘ভারত খুব শিগগিরই ব্রাজিলকে অতিক্রম করতে পারে; এমনকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও।’
তিনি বলেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা আসছে দুই থেকে তিন মাস বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত তা যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করতে পারে।’
অবশ্য করোনা নিয়ন্ত্রণে ভারত ব্যর্থ হয়ে বলে মনে করেন না হিমানশু শিক্কা। তিনি বলেন, ‘এখানে মৃত্যুহার ২ শতাংশের নিচে এবং সুস্থতার হার ৭০ ভাগরে ওপরে যা মহামারীর শুরুর দিকে নেওয়া লকডাউনের সরাসরি ফল।’
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘সংক্রমণ বৃদ্ধির এই প্রবণতা পরীক্ষা বাড়ানোর সরাসরি ফল। মার্চে প্রতিদিন কয়েকশ’ পরীক্ষা হতো ভারতে যা এখন দৈনিক এক লাখের মতো। তাই আমার মতে, ভারত করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়নি, বরং সংক্রমণে উল্লেখযোগ্যভাবে ধীরগতি রাখতে সক্ষম হয়েছে।’
এদিকে দ্য হিন্দুর শুক্রবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ২৯ লাখ ৪ হাজার ১২৯ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ হাজার ৯৯১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button