
নভেল করোনাভাইরাসে মারা গিয়েছিলেন এক নারী, এর মধ্যে আবার জীবিত হলেন তিনি। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ইকুয়েডরে।
কর্তৃপক্ষের একটি ভুলের কারণে এমন ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির ৭৪ বছর বয়সী এক নারীকে মৃত বলে ঘোষণা দেয়া হয়, তিন সপ্তাহ পর দেখা গেল বেঁচে আছেন আলবা মারুরি নামে এই বৃদ্ধা।
জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন হয়ে করোনা মারা গেছেন মারুরি-এই খবর তার পরিবারকে জানানো হয় গত মাসে। এমনকি তার সৎকারও করা হয়।
এদিকে তিন সপ্তাহ পর বৃহস্পতিবার কোমা থেকে ফেরেন মারুরি এবং তার বোনকে ফোন দিয়ে খবর দিতে বলেন তিনি।
এতেই চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল এলাকাজুড়ে। এর মধ্যে প্রশ্ন উঠল, মারুরির নামে কাকে সৎকার করা হলো। এমন কি সৎকারের পর যে নিদর্শন মারুরির পরিবারকে পাঠানো হয়েছিল, সেটি কার ছিল!
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু মারুরির নামে যাকে মৃত ঘোষণা করা হয়েছে, সেটি স্পষ্ট করেনি তারা।
গুয়ায়াস প্রদেশের গায়াকিল শহরের বাসিন্দা মারুরি। ওই অঞ্চলটি এখন করোনার এপিসেন্টার। সেখানে রাস্তায় রাস্তায় লাশ ফেলে যাচ্ছে মানুষ। এ মাসের মাঝামাঝি অন্তত ১৪০০ লাশ উদ্ধার করেছে পুলিশ, যদিও কী কারণে এসব মৃত্যু সেটি স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত সরকারি হিসেবে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭১৯ জন ব্যক্তি, এর মধ্যে মারা গেছেন ৫৭৬ জন।
সুত্র : বিবিসি




