করোনার দুটি ভ্যাকসিনে চীনের পরীক্ষামূলক অনুমোদন

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের ওষুধ আবিস্কারে চেষ্টার কমতি নেই বিজ্ঞানীদের। কিন্তু এখন পর্যন্ত তেমন সুখবর নেই। এই পথে অনেকটা এগিয়ে যাওয়ার ঘোষণা দিল করোনাভাইরাসের আতুঁরঘর চীন। করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগের দুটি ভ্যাকসিনের পরীক্ষামূলক অনুমোদন দিয়েছে দেশটি।
মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশটির সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়েছে, ভ্যাকসিন দুটি তৈরি করেছে পেইচিংভিত্তিক নাসভাক বায়োটেক ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের অধিভুক্ত উহান ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস।
এর আগে মার্চেও করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন তৈরি নিয়ে একটি সবুজ সংকেত দিয়েছিল। ওটা ছিল চীনের সেনানিয়ন্ত্রিত চায়না অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও হংকংয়ের তালিকাভুক্ত বায়োটেক ফার্ম ক্যানসিনো বায়োর যৌথ উদ্যোগ।
অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না জানায়, তারা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে মিলে মানুষের শরীরে সেটা পরীক্ষা চালানোর কাজও শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরই করোনার দুটি ভ্যাকসিনের পরীক্ষামূলক অনুমোদন দিল চীন।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্যের বরাত দিয়ে বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার।
আক্রান্ত ও মৃত উভয় পরিসংখ্যানেই সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮২ হাজার ছুঁই ছুঁই। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ হাজার ৬০০। আর করোনার প্রকোপ শুরুর দেশ চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৩,৩৪৫ জন।




