আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনাভাইরাস : হংকংয়ে অস্ত্রশস্ত্র নিয়ে শত শত টিস্যু লুট

করোনাভাইরাস আতঙ্কে মাস্ক, টিস্যুসহ অনেক পণ্যের সংকট দেখা দিয়েছে। হংকংয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে শত শত টয়লেট টিস্যু রোল চুরি করেছে ডাকাতরা।
বিবিসি জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কগ্রস্ত মানুষের অতিরিক্ত কেনাকাটার কারণে হংকংয়ে টয়লেট টিস্যুর সংকট তৈরি হয়েছে।
দেশটির পুলিশ জানায়, ছুরি হাতে কয়েকজন ব্যক্তি এক সরবরাহকারীর কাছ থেকে এসব টয়লেট টিস্যু হাতিয়ে নেয়।
সোমবার সকালের দিকে মং কক জেলায় একটি সুপারমার্কেটের বাইরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং চুরি হওয়া টয়লেট টিস্যুর কয়েকটি রোল উদ্ধার করেছে।
জানা যায়, ৬০০ টয়লেট টিস্যুর রোল চুরি হয়েছে যার বাজারমূল্য এক হাজার ৬৯৫ হংকং ডলার বা ২১৮ মার্কিন ডলার।
শহরটিতে টয়লেট টিস্যুর মজুত ব্যাপক হারে কমে যাওয়ার কারণে নতুন সরবরাহ আসার সঙ্গে সঙ্গে তা নেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় বাসিন্দাদের।
যদিও সরকার নিশ্চয়তা দিয়েছে যে, ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরবরাহ বাধাগ্রস্ত হয়নি তারপরও বাসিন্দারা টয়লেট টিস্যু জমা করে রাখতে শুরু করে।
চাল, পাস্তাসহ অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও আতঙ্কের কারণে বিক্রি বেড়ে গেছে। মাস্ক এবং হাত পরিষ্কার করার দ্রব্য বা হ্যান্ড স্যানিটাইজার পাওয়াটা রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে।
মানুষ নিজেদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচানোর চেষ্টার অংশ হিসেবে এগুলো আগেই কিনে ফেলেছে।
কর্তৃপক্ষ অস্বাভাবিক কেনাকাটার জন্য অনলাইনে ছড়িয়ে পড়া গুজবকে দোষারোপ করছে এবং জানিয়েছে যে, খাদ্য এবং গৃহস্থালির পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে।
এদিকে চীনে করোনাভাইরাসে (কভিড-১৯) রবিবার আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা ১ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে মারা গেছেন আরও পাঁচজন। যার মধ্যে একজন হংকংবাসীও রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button