
ভারতের স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসে মৃত্যুবরণ করা ব্যক্তির লাশ কবরে ছুড়ে ফেলে দেয়ার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে। দেশটির পন্ডিচেরী শহরে এই ঘটনা ঘটে বলে রোববার (৭ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র একটি খবরে বলা হয়।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, পিপিই পরা ৪জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এক ব্যক্তির লাশ অ্যাম্বুলেন্স থেকে বের করে নিয়ে আসছেন কবর দেয়ার জন্য। এক পর্যায়ে খোড়া কবরের কাছে পৌঁছে তারা যথাযথ নিয়ম অনুসরণ না করে অত্যন্ত অসম্মানজনকভাবে ওই ব্যক্তির মরদেহ ছুড়ে ফেলে দেন।
ভিডিওটিতে এর প্রায় ১০ সেকেন্ড পর দেখা যায়, ওই ৪ স্বাস্থ্যকর্মীর একজন এক কর্মকর্তার কাছে লাশ ছুড়ে ফেলায় কোন ঝামেলা হবে কিনা জানতে চাইছেন। এ সময় ওই কর্মকর্তা কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো “থাম্বস আপ” দেখান। এখানেই শেষ নয়। ভিডিওটিতে ও ৪ স্বাস্থ্যকর্মীকে আরও কয়েকটি করোনা সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গ করতে দেখা যায়।
নিয়মানুসারে, করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের লাশ একটি ব্যাগের মধ্যে রাখার কথা থাকলেও ভিডিওটিতে দেখা যায় যে লাশটি কোনো মতে একটি সাদা কাপড়ে মুড়িয়ে আনা হয়েছে। তাও দায়সারাভাবে কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। লাশ ছুড়ে ফেলার সময় এসব আবরণের অধিকাংশই খুলে পড়ে। এতে ওই স্বাস্থ্যকর্মীরাই চরম ঝুঁকির মধ্যে নিজেদের ঠেলে দিয়েছেন।
এনডিটিভি’র খবরে বলা হয়, ভিডিওটিতে যে ব্যক্তির লাশ দেখা যাচ্ছে তিনি চেন্নাইয়ের বাসিন্দা। ওই এলাকায় যাওয়ার পর করোনাভাইরাস টেস্টে তার পজিটিভ রিপোর্ট আসে।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় সংগঠন “ইন্ডিয়া এগেইনস্ট করাপশন” এক বিবৃতিতে জানায়, সম্মানজনকভাবে শেষকৃত্য হওয়া সবার অধিকারের মধ্যে পড়ে। মৃত ব্যক্তির প্রতি এমন অসম্মানজনক আচরণ ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০০ অনুযায়ী অপরাধের মধ্যে পড়ে। ওই ৪ স্বাস্থ্যকর্মী ও সেখানে উপস্থিত কর্মকর্তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এদিকে এ ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন পন্ডিচেরীর কালেক্টর। এনডিটিভিকে তিনি বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আমার ঊর্ধতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করেছি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছি।
এ প্রসঙ্গে লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।
পূর্বপশ্চিম




