Uncategorized

কঠিন পরিক্ষায় ভারত

বিরাট কোহলি তার ফেভারিট অধিনায়ক বলে জানালেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সফল দলনেতা সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘দল নিয়েই সবসময় চিন্তা করে কোহলি। তাই কোহলিই আমার ফেভারিট অধিনায়ক।’ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়েও কথা বলেছেন গাঙ্গুলি। আসন্ন সিরিজে ভারতকে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বলেও জানান গাঙ্গুলি।
২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়িয়েছেন গাঙ্গুলি। তার চেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন নিজের অধিনায়কত্ব নিয়ে। অধিনায়ক হিসেবে ভারতকে সাফল্যের স্বাদ দিয়েছেন তিনি। শেবাগ-যুবরাজ-হরভজনদের মতো তরুণ খেলোয়াড়দের দলে নিয়ে দলের অনেক সাফল্য’র রচনা করেছেন গাঙ্গুলি। তাই ভারতের সফল অধিনায়ক হিসেবে সবার আগে নাম আসে গাঙ্গুলির।
সেই গাঙ্গুলিই, নিজের ফেভারিট অধিনায়ক হিসেবে ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে বেছে নিলেন। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে কোহলি দারুণ। সে যখন মাঠে নামে, তখন টিমের জন্যই নামে। সবসময় দলের ভালো-মন্দ নিয়েই ভাবে সে। দলের জেতানোর লক্ষ্যই থাকে তার। তাই কোহলিই আমার ফেভারিট অধিনায়ক। আমার মনে দীর্ঘদিন ভারতের অধিনায়কত্ব করবে সে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে বড় ধরনের পরীক্ষায় পড়তে হবে কোহলিকে, এমনটাও বলেছেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘অধিনায়কের সবগুণই কোহলির আছে। তবে আসন্ন সিরিজে বড় ধরনের পরীক্ষায় পড়তে হবে তাকে। কারণ দল হিসেবে নিউজিল্যান্ড শক্তিশালী। ইংল্যান্ডের পর বিদেশে নিউজিল্যান্ডই সবসময় ভালো ক্রিকেট খেলে। এবারও এর ব্যতিক্রম হবে না।’
ভারত ও নিউজিল্যান্ড সিরিজে স্পিনাররাই মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন গাঙ্গুলী, ‘টেস্ট সিরিজটি জমবে। সিরিজ জিততে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে দু’দলকে। তবে সবকিছুই নির্ভর করছে স্পিনারদের উপর। দু’দলেই বেশ ক’জন ভালো মানের স্পিনার আছে। ভারতের যেমন আছে, তেমনি নিউজিল্যান্ডেরও। ভারতের পিচের কথা চিন্তা করে নিউজিল্যান্ডও তিনজন স্পিনার নিয়ে এসেছে। তাই স্পিনারদের কথা মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা করবে দু’দল।’
কানপুরে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। ভেন্যু গাঙ্গুলির শহর কলকাতায়। আর সিরিজের তৃতীয় ও শেষটি ইন্দোরে শুরু হবে ৮ অক্টোবর। টেস্ট সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button