কটিয়াদীতে বিএনপি ৮ নেতা বহিষ্কার

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সাধারণ সদস্য ও বিভিন্ন পদে থাকা ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা সত্ত্বেও তারা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মেজর অব. আখতারুজ্জামানের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে পর্যায়ক্রমে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার উপজেলার মসূয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বকর সিদ্দিক, চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি’র সদস্য মো. আব্দুল কাইয়ুম ভূঁইয়া গঙ্গা ও মো. তাইজ উদ্দিন আহম্মেদ আশেককে বহিষ্কার করা হয়।
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অনুমোদনক্রমে জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশের এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেন। একই অভিযোগে গত ৭ ডিসেম্বর কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, গত ১৯শে ডিসেম্বর মুমুরদিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী, চান্দপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল আলম, মুমুরদিয়া ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মেম্বারকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, দলীয় সিদ্ধান্ত পরিপন্থি নেতা-কর্মীদের বহিষ্কার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। এতে সুবিধাবাদীদের মুখোশ উন্মোচিত হয়েছে।




