
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে, নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে উপজেলার মসুয়া বাজারে ভ্রাম্যমান আদালত বেশ কয়েকটি দোকানকে জরিমানা করেছে।
গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), লাবনী আক্তার তারানা। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে সাহাবুদ্দিন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির অপরাধে রাসেল স্টোরকে ২ হাজার টাকা,আমানুল্লাহ স্টোরকে ১ হাজার টাকা, আল মামুন স্টোরকে ১ হাজার ৫ শত টাকা এবং কবির স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বাজারের দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। তিনি সতর্ক করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি না করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল সহ কটিয়াদী মডেল থানার এক দল পুলিশ ও কটিয়াদী ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা শেষে কটিয়াদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ সংবাদ মাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



