কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩ জুন সোমবার বিকেলে কটিয়াদী পৌরসদরের ৩নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
জানা যায় কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় একটি নতুন বিল্ডিং এর নির্মাণ শ্রমিক হিসেবে নিয়মিত কাজ করতেন মোহাম্মদ রায়হান (২৮)। ৩ জুন বিকেলে তার কর্মস্থলে রোড উঠানোর সময় তার অজান্তে সেই রড বিদ্যুতের তারে লেগে বিদ্যুতায়িত হয়ে সে পড়ে যায়। পড়ে তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিক রায়হান (২৮) পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় আব্দুল হাসিমের একমাত্র ছেলে। নিহতের পিতা আব্দুল হাসেম তার ছেলের মৃত্যু নিশ্চিত করে বলেন, বিদ্যুতের তারে লেগে তার ছেলের মৃত্যু হয়েছে । আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে একা হয়ে গেলাম। রায়হানের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




