
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা চাঁন্দপুর এলাকার রেলওয়ে ব্রিজ সংলগ্ন সরকারি খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় এক কিশোরী। নিখোঁজের একদিন পর তার লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন কিশোরী লাশ উদ্ধার করে। মৃত কারিমা আক্তার (১৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনা গ্রামের মোঃ হারুন মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায় ৭ জুন শনিবার পবিত্র ঈদুল আযহার নামাজের পর কারিমা তার মা ও মামা মিলে চাঁন্দপুর ইউনিয়নের শেখের পাড়া এলাকায় হযরত মিঞা চাঁন্দশাহর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উপজেলা মানিকখালী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে এক সরকারি খালে মা ও মামার সামনে থেকে হঠাৎ পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন কারিমা। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে বিকেল বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কিশোরী কারিমার সন্ধান পাননি, যার ফলে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন। পরদিন ৮ জুন রবিবার ওই খাল থেকে স্থানীয় জনগণ ভাসমান অবস্থায় কিশোরী কারিমার লাশ উদ্ধার করে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। উক্ত ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।




