
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ ছাত্র জিদনি মিয়া হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠ বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
১৫ জুন কটিয়াদী সরকারি কলেজের সম্মুখে কলেজ শিক্ষক ছাত্র ও এলাকাবাসী মিছিলে অংশ নেয়। এ ব্যাপারে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল সহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী মডেল থানার সম্মুখে কিছুক্ষণ অবস্থান করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় তারা স্লোগান দেয়,”খুনি কেন বাহিরে, আমার ভাই কেন কবরে” সহ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। গত ৪ জুন বুধবার রাতে পৌর এলাকার ভরার দিয়া মহল্লায় একটি মেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক প্রবাসীর ছোট ভাই কটিয়াদী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ জিদনি মিয়াকে (১৮) তার প্রতিপক্ষ কুপিয়ে গুরুতর জখম করে এবং ৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত জিদনি মিয়া পৌর এলাকার ভরারদিয়া মহল্লার মৃত ধলু মিয়ার ছোট ছেলে।
নিহতের বোন ময়না আক্তার বলেন, “ঘটনার সুস্ট তদন্ত সাপেক্ষে, ভাই হত্যার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং অভিযুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় আমরা খুবই হতাশ।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।



