কঙ্গোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

কঙ্গোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। রোববার (২০ অক্টোবর) স্থানীয় সময় রাত ১টার দিকে রাজধানী কিনশাসায় পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানান, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এ মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে। আপাতত মরদেহগুলো শনাক্ত করার কাজ চলেছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।
সংবাদসংস্থা এএফপি জানায়, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র ঠাসা বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। ম্বনজা-ন্গুংগু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমির উপর গড়িয়ে গিয়ে বাসটি উল্টে গিয়ে হঠাৎ আগুন ধরে যায়।
উল্লেখ্য, কিনশাসা থেকে ১৫০ কিমি দূরে ১ নম্বর হাইওয়ের উপরে ম্বনজা-ন্গুংগু অঞ্চল সড়ক দুর্ঘটনার জন্য কুখ্যাত। এ পর্যন্ত এই রাস্তায় বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।



