আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ওয়াশিংটন পোস্টে কলাম লিখবেন রানা আইয়ুব

ভারতীয় সাংবাদিকতার জগতে রানা আইয়ুব একটি সুপরিচিত নাম। বিশেষ করে গুজরাত দাঙ্গা নিয়ে লেখা তার প্রামাণ্য গ্রন্থ ‘গুজরাত ফাইলস­ অ্যানাটমি অফ এ কভার আপ’ সাড়া জাগিয়েছে দেশ-বিদেশে। অন্তর্তদন্তমূলক এই বইয়ে রানা আইয়ুব ২০০২-এর গুজরাত দাঙ্গার জন্য নরেন্দ্র মোদি ও অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সাংবাদিকতার ক্ষেত্রে সাহসিকতার জন্য তিনি পেয়েছেন দেশ-বিদেশের নানা পুরস্কার। বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা-র ওয়েব পোর্টালে তিনি সম্পাদকীয় কলাম লিখে থাকেন।
এবার রানার মুকুটে জুড়ল নতুন একটি পালক। সংবাদপত্রের জগতে সুপরিচিত মার্কিনি পত্রিকা ‘ওয়াশিংটন পোস্ট’-এ এবার থেকে তিনি নিয়মিত কলাম লিখবেন। বিশ্ব-মতামত বিভাগে সাংবাদিক বরখা দত্তের সঙ্গে তিনিও ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে লিখবেন বলে সংবাদপত্র-সূত্রে জানা গেছে।
‘ওয়াশিংটন পোস্ট’-এর সম্পাদকীয় বিভাগের প্রধান জানিয়েছেন, রানা আইয়ুব একজন অকুতোভয় অনুসন্ধানী সাংবাদিক। ভারতের সামাজিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে লিখে চলেছেন তিনি। আমাদের সংবাদপত্রকেও তিনি সমৃদ্ধ করবেন বলে মনে করছি।
ওয়াশিংটন পোস্টের নিবন্ধ লেখক হিসেবে যোগদান করতে পেরে রানা আইয়ুবও খুশি হয়েছেন। তিনি টুইট করে জানান, এই কাগজটি অস্বস্তিকর সত্য বলতে ভয় পায় না। এরকম একটি খবরের কাগজে লিখতে চলেছি, আশা করি– ভালো কিছু অবদান রাখতে পারব।
রানা আইয়ুব ‘তেহেলকা’য় কাজ করেছেন। পরবর্তীতে সরকারের বিরুদ্ধ-সমালোচনা করার কারণে তাকে যথেষ্ট হেনস্থা হতে হয়েছে। পেয়েছেন খুনের হুমকিও। তবু দমে যাননি। লিখে চলেছেন ন্যায় ও ইনসাফের পক্ষ নিয়ে।
সূত্র : পূবের কলম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button