ওয়ানডে সিরিজে ঘুরে দাড়াবে বাংলাদেশ!

এই টেস্ট সিরিজটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। ব্যর্থতা পেছনে ফেলে গত কয়েক বছরে দল হিসেবে যখন সমীহ জাগানিয়া পারফরম্যান্স শুরু হয়েছে তেমনই একটি সময়ে এমন হতাশাজনক খেলা উপহার দিলো মুশফিকুর রহীমের টেস্ট দল। কয়েকদিন বিরতির পর শুরু হবে ওয়ানডে সিরিজ। খেলবে প্রায় একই দল, তবে ভিন্ন ফরম্যাট, ভিন্ন অধিনায়ক। প্রশ্ন উঠছে যে, সেখানে কি ভিন্ন বাংলাদেশকে পাওয় যাবে?
টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যর্থতার ময়না তদন্ত চলছে সব মহলে। খেলোয়াড়দের পারফরম্যান্স, দায়িত্বশীলতা, অধিনায়কের নেতৃত্বগুণ, দলের ওপর কর্মকর্তাদের খরবদারিসহ বিভিন্ন বিষয় নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। কিন্তু কোন কিছুদিয়েই মাঠের এমন দৈন্য খেলার দায় এড়ানো যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে দর্শকরা দেখাচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এমন একটি হতাশজনক সিরিজের পর ওয়ানডেতে খেলোয়াড়রা কতটা মানসিক শক্তি নিয়ে, লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়।
ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। যার জাদুর কাঠির ছোয়ায় অনেক দিন ধরেই সীমিত ওভারে দেখা যাচ্ছে অন্য বাংলাদেশকে। তাই দর্শক সমর্থকরা মাশরাফির ওপর আস্থা রাখতেই পারেন। কিন্তু এমন একটি ভরাডুবির পর দলকে টেনে তোলা কতটা সম্ভব হবে মাশরাফির পক্ষে, আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় থেকে যায়। তবু আশাবাদী বাংলাদেশ আশা রাখছে মাশরাফিতে।
বিদেশের মাটিকে টেস্টের মত বাংলাদেশের ওয়ানডে রেকর্ডও খুব একটা সমৃদ্ধ নয়। তার ওপর দক্ষিণ আফ্রিকার স্পোর্টিং পিচ, দুর্দান্ত সব পেস বোলার। বাংলাদেশের রয়েছে চিরাচরিত শর্টবল খেলার দুর্বলতা। সব মিলে ওয়ানডে সিরিজেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টাইগার বাহিনীকে। আর সেই চ্যালেঞ্জে কতটা সফল হবে মাশরাফির বাংলাদেশ সেটা সময়ই বলে দেবে।
মাশরাফির নেতৃত্বগুণ, খেলোয়াড়দের লড়াইয়ে উদ্বুদ্ধ করার ক্ষমতা, দলকে পরিবারের মত আগলে রাখার গুণ বিশ্বে অতুলণীয়। ভাঙাচোরা একটি দলকে বিশ্ব মানের দলে পরিণত করেছেন প্রায় একক প্রচেষ্টায়, অদ্বিতীয় নেতৃত্বগুণে। সেই মাশরাফি গতকাল শনিবার পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে, সাথে আছেন বিশ্বসেরা অররাউন্ডার সাকিব আল হাসান। তাই ওয়ানডেতে নতুন এক বাংলাদেশ দেখার প্রত্যাশায় দর্শকরা। ভিন্ন কন্ডিশন আর বিপর্যস্থ এমন দলের কাছ থেকে নতুন উদ্যেমে, নতুন করে লড়াই করার মানসিকতা দেখতে সবাই আশায় বুক বাঁধছেন। নয়া দিগন্ত



