
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “আপনারা এমন এক ভূখন্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়। ওসমান হাদির আধিপত্য বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে আকস্মিক এক সফরে ঝালকাঠির নলছিটিতে ‘সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ।
তিনি আরও বলেন,“শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন, যে আজাদীর লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই আমাদের দেখিয়ে গিয়েছেন সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি অন্তর্বর্তিকালীন সরকার। আমরা চাই অতিদ্রুত শরীফ ওসমান হাদির খুনিদের সরকার গ্রেপ্তার করুক।
এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ১১ দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম ও শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ তার সাথে ছিলেন । পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান গণি হাদির বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।




