ওবামা ও হোয়াইট হাউজের প্রতিক্রিয়া

ঢাকার একটি রেস্তোরায় বন্দুকধারীদের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পরিস্থিতি জানানো হয়েছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ওবামাকে ঘটনাটি অবহিত করেন সন্ত্রাসপ্রতিরোধে নিয়োজিত তার প্রধান উপদেষ্টা লিসা মোনাকো। প্রেসিডেন্ট তাকে ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত রাখার নির্দেশ দিয়েছেন।
এবিসির খবরে বলা হয়, এই হামলার জন্য আইএস দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এখনো তা মেনে নিচ্ছে না।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আইএসের দায় স্বীকারের দাবি করার বিষয়টি তারা দেখেছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি বলেন, বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র যোগাযোগ রক্ষা করে চলেছে। আর এই হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দেয়া হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হয়েছে, কিনা তা তারা খতিয়ে দেখছেন।




