
বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে হিটলার ও মুসোলিনির থেকেও বড় সম্রাট হিসেবে আখ্যায়িত করে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘ওদের (বিজেপি) হাতে দাঙ্গার রক্ত লেগে আছে। ওদের ঔদ্ধত্য, অত্যাচার মেনে নেয়া যায় না।’
তিনি বলেন, ‘বিজেপি উগ্রপন্থা ও তালেবানি হিন্দুত্ববাদী কায়েম করছে। এ হিন্দুত্ববাদকে আমরা মানব না। ‘ওরা তলোয়ার হিন্দু, বোমা হিন্দু, গুলি হিন্দু।’ শনিবার কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদদের (মমতা ব্যানার্জির মিছিলে নিহত রাজনৈতিক কর্মী) স্মরণে আয়োজিত জনসভায় তিনি এসব সমালোচনা করেন বলে এনডিটিভির সংবাদে জানানো হয়।
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা ছাড়া করার শপথ নিয়েছেন তিনি। ২০১৯ সালের নির্বাচনে মোদির দল বিজেপি ১০০ আসনও পাবে না বলে ভবিষ্যদ্বাণী করেন। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর বলেও জানান মমতা ব্যানার্জি। এছাড়া পশ্চিমবঙ্গের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন মমতা। তিনি বলেন, আগামী বছর বিজেপি রাজ্য ছাড়া হয়ে যাবে।
দলটি ১৫ আগস্ট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানান তিনি। ধর্মনিরপেক্ষ ও রাজনৈতিক শক্তি নিয়ে আবার আগামী বছর ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে জনসভার ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি।




