রাজনীতি

এ কে খন্দকার ও আবদুস সালাম যাচ্ছেন গণফোরামে

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার গণফোরামে যোগ দিচ্ছেন। আজ রোববার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামে যোগ দেবেন তিনি। একই সঙ্গে আজ একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামও গণফোরামে যোগ দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা গণফোরামে যোগ দেওয়ার বিষয়ে আগে থেকে কিছু বলতে রাজি হচ্ছেন না।
এর আগে গতকাল শনিবার দুপুরে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে গিয়ে দলটিতে যোগ দেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি।
এর আগে অবসরপ্রাপ্ত ১০ সামরিক কর্মকর্তা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দেন। তাঁদের মধ্যে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিমানবাহিনী থেকে অবসর নেওয়ার পর এ কে খন্দকার রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। এমএজি ওসমানীর পরেই উপপ্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন তিনি।
বিমানবাহিনীর প্রথম প্রধান ছিলেন এ কে খন্দকার। ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সরকারের সময় ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। ১৯৮৬ সালের অক্টোবর থেকে ১৯৯০ সালের মার্চ পর্যন্ত তিনি এরশাদ সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন।
এর আগে এ কে খন্দকার অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন।
২০০৮ সালের পর এ কে খন্দকার আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী হন। ২০১৪ সালে তাঁর বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশিত হয়। এটি রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। এতে প্রকাশিত কিছু তথ্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগ আনেন আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ ও ১৪ দল নেতাদের তোপের মুখে পড়েন এ মুক্তিযোদ্ধা। এর পর থেকেই তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button