
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে ৬টি পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। মেডিকেল কলেজের লাইব্রেরির এসির কার্নিশের মধ্যে বাসা বাঁধে একটি মা লক্ষ্মী পেঁচা। ইতোমধ্যে সে ৬টি ফুটফুটে বাচ্চা ফুটিয়ে সেখানে বসবাস করতে শুরু করে। কিন্তু হঠাৎ সেখানে চোখ যায় মেডিকেল কলেজের বয়েজ হোষ্টেলে বসবাসরত শিক্ষার্থীদের। তারা মা পেঁচাটিকে ধরতে না পারলেও ফুটফুটে বাচ্চা পেঁচাগুলোকে কার্ণিশ থেকে উদ্ধার করে শিক্ষার্থী নুর ইসলামের হেফাজতে রেখে পরে বন বিভাগে খবর দেন।
মঙ্গলবার সকালে দিনাজপুর বন বিভাগের সদর ফরেষ্টার মোঃ রুহুল আমীন ও বন প্রহরী আব্দুল হাই সেগুলো পরম যত্মে নিয়ে আসেন বন বিভাগে। সেখানে খাদ্য চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে ৩টি খাঁচা। যার মধ্যে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, পেঁচাগুলোকে সঠিকভাবে লালন-পালনে বন বিভাগের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। এদেরকে ঠিকভাবে খাবার প্রদান, চিকিৎসা সেবা দেয়াসহ সুরক্ষার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। পেঁচাগুলো যখন উঠতে শিখবে তখন তাদের গহীন অরণ্যে মুক্ত করে দেয়া হবে।




