রাজনীতিশিরোনাম

‘এরা কতটা মুক্তিযুদ্ধের পক্ষে তা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক’

ইসরাইলস্থ মার্কিন দূতাবাস সে দেশের রাজধানী তেলআবিব থেকে অধিকৃত জেরুসালেমে স্থানান্তরের প্রতিবাদে এবং গাজা উপত্যকায় ৫৮ জন প্যালস্টাইনি নাগরিককে হত্যা এবং আড়াই হাজার ফিলিস্তিনিকে জখম করার প্রতিবাদে বাম রাজনৈতিক দল সভা সমাবেশ করেছে। তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর এ হামলা এবং মার্কিন চক্রান্তে বাংলাদেশ সরকার যদি নিন্দা ও প্রতিবাদ না করে তাহলে তারা কতটা মুক্তিযুদ্ধের পক্ষে এ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি ও বাসদ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ইসরাইলস্থ মার্কিন দূতাবাস জেরুসালেমে স্থানান্তর এবং গাজায় ৫৮ জন নিরীহ প্যালেস্টাইনী নাগরিকদের হত্যা এমন এক সময়ে হতে যাচ্ছে যে দিনটি ফিলিস্তিনিদের জন্য এক বিশেষ দিন। ৭০ বছর আগে এই দিনে জায়নবাদী ইসরালিরা গায়ের জোরে ১০ লক্ষ ফিলিস্তিনিকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করেছিল। মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি মদদে আজ ইসরাইল ধারাবাহিকভাবে ফিলিস্তিনে মার্কিন দূতাবাস স্থাপন সাম্রাজ্যবাদী জায়নবাদী চক্রান্তেরই অংশ।
তিনি আরো বলেন, সিপিবি-বাসদ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিশ্ববাসীকেও এ হামলা ও চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছে। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ফিলিস্তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিল। বিপরীতে আমেরিকা, ইসরায়েল আমাদের মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। আজ ফিলিস্তিনির ওপর এ হামলা এবং মার্কিন চক্রান্তে বাংলাদেশ সরকার যদি নিন্দা ও প্রতিবাদ না করে তাহলে তারা কতটা মুক্তিযুদ্ধের পক্ষে এ নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক।
সিপিবি ও বাসদ’র এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা অ্যাড. হাসান তারিক চৌধুরী ও বাসদ নেতা প্রকৌশলী শম্পা বসু।
এদিকে ফিলিস্তিনি জনগণের উপর ইজরাইয়েল সৈন্যদের নির্বিচারে হত্যাযজ্ঞ ও নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ‘জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী ও তাদের আবাস ভূমি। তিনি জেরুজালেমে মার্কিন দুতাবাস স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের ন্যায় সংগত ও শান্তিপূর্ণ সমাবেশের উপর মার্কিন মদদপুষ্ট ইসরাইলি সেনাবাহিনীর বর্বরোচিত হামলায় শিশু ও কিশোরসহ ৫৩ জন নিহত হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন এটা বর্বর গণহত্যা। দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের আধিপত্য ও দখলদারিত্ব নীতি সারা বিশ্বকে অশান্ত করে তুলেছে।
ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়। উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, অধ্যাপক সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, কামরূল আহসান, কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন, ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।
আগামী কর্মসূচি :
এদিকে আগামী ১৯ মে শনিবার প্যালেস্টাইন থেকে মার্কিন দূতাবাস প্রত্যাহার ও ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button