বিনোদন

এবার আরবিতে ‘দিলবার’, গাইবেন নোরা!

মরক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি ‘দিলবার’ গানে নেচে দর্শকদের মন জয় করেছেন। ‘দিলবার’ গানে তাঁর বেলি ড্যান্স ও আবেদনময়ী ভঙ্গির ‘নেশা’ ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। শোনা যাচ্ছে, ‘দিলবার’ গানের আরবি ভার্সন করা হবে। আর এ গানে কণ্ঠ দেবেন নোরা।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘সির্ফ তুম’। ওই ছবিতে সুস্মিতা সেন ও সঞ্জয় কাপুরের ‘দিলবার’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। সম্প্রতি জন আব্রাহামের ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় সেই গানের তালে নেচেছেন হালের সেনসেশন নোরা ফাতেহি। ‘দিলবার’-এর নতুন ভার্সন এখন দর্শকপ্রিয়তার তুঙ্গে। তাই এ গানের আরবি ভার্সনটিও জনপ্রিয় হবে, এমনটাই আশা সবার।
নোরার ভক্তরা আরো উজ্জীবিত এ কারণে যে, এ গান দিয়ে কণ্ঠশিল্পী হিসেবে তাঁর অভিষেক হতে যাচ্ছে।
সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানিয়েছে, মরক্কোর বিখ্যাত ব্যান্ড ফিনাইরে ‘দিলবার’ গানটির আরবি ভার্সন করতে যাচ্ছে আর নোরা ফাতেহি যুক্ত হচ্ছেন এতে।
নোরা বলেছেন, ‘দিলবারের পর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু শ্রোতা এ ব্যাপারে আমাকে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটা অসাধারণ আইডিয়া। আমার বড় লক্ষ্য হলো, গানের মাধ্যমে দুই সংস্কৃতির মেলবন্ধন। মরক্কো, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ফিনাইরে খুবই জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন গানের দল।’
শিগগিরই এ গানের ভিডিওর জন্য শুটিং শুরু হবে। বিখ্যাত কোরিওগ্রাফার বোসকো-সেজার এ গানে কোরিওগ্রাফি করবেন। গানে অভিষেক হিসেবে নোরা নতুন আরেকটি ভার্সন তৈরি করবেন, আর এটি বাজারে আনবে টি-সিরিজ।
নোরা ফাতেহি এখন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে রয়েছেন সুপারস্টার সালমান খান। এ ছাড়া রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভারসহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button