বিনোদন

এফডিসিতে আবারও জয়ী ফারুক-মনির প্যানেল

শুক্রবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির নির্বাচন। গতবারের মতো এবারও পুরো প্যানেল নিয়ে জয়ী হন এস আই ফারুক-কাজী মনির। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন খায়রুল ইসলাম-আলমগীর রতন—প্যানেল। সমিতির ভোটার সংখ্যা ছিল ১৯৪ জন। এর মধ্যে ১৮৮ জন ভোটার ভোট দিয়ে ফারুক-মনির পুরো প্যানেলকে জয়ী করেন। গতকাল রাত ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার শাহ আলম কিরণ বলেন, ‘গতবারের মতো এবারও নির্বাচিত হয়েছেন এস আই ফারুক ও কাজী মনির প্যানেলের সদস্যরা। আমাদের মোট ভোট ১৯৪টির মধ্যে ১৮৮টি ভোট কাস্ট হয়েছে। আমি সদ্য বিজয়ীদের স্বাগত জানাই। আশা করি, বিগত দিনের মতো তাঁরা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখবেন।’
নির্বাচিত সভাপতি এস আই ফারুক বলেন, ‘গত দুই বছর আমরা চলচ্চিত্র এবং সংগঠনের জন্য কী করেছি, তারই উত্তর দিয়ে উৎসাহ দিয়েছেন আমাদের সদস্যরা। আমি সবাইকে কথা দিচ্ছি, চলচ্চিত্র এবং সংগঠনের উন্নয়নে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে।’
সাধারণ সম্পাদক কাজী মনির বলেন, ‘গত দুই বছরের কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। আমাদের সঙ্গে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাঁরা আমাদেরই ভাই। আসুন, আমরা সবাই মিলে চলচ্চিত্র ও সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখি। আমি মনে করি চলচ্চিত্র এখন যে অবস্থানে রয়েছে,তাতে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত।’
নির্বাচন কমিশনার শাহ আলম কিরণ আরো বলেন, ‘১৯৮০ সালে এফডিসিতে এই সংগঠনটির জন্ম হয়। শওকত জামিল ও আবুল খায়ের বুলবুল প্রতিষ্ঠাতা সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকে এখন পর্যন্ত সমিতি থেকে পরিচালক বের হচ্ছেন এবং সম্মানের সঙ্গে কাজ করছেন। আমি আশা করি, এই সংগঠন থেকে আরো গুণী নির্মাতা বের হবেন।’
শুক্রবার সকাল ৯টা থেকে টানা ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এক ঘণ্টা নামাজের বিরতির পর ২টা থেকে আবারও ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button