জাতীয়

এখন পর্যন্ত সরকারি ত্রাণ পেয়েছে ৪ কোটি মানুষ : পিআইডি

করোনাভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত প্রায় চার কোটি মানুষকে ত্রাণসামগ্রী দিয়েছে সরকার।
শনিবার পিআইডির এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটের সময়ে সারা দেশে সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে আনতে সরকার ত্রাণ সহায়তা দেয়া অব্যাহত রেখেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে পর্যন্ত এক লাখ ২৪ হাজার মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে এবং বিতরণ করা হয়েছে ৯২ হাজার ৩৪১ মেট্রিক টন। বিতরণকৃত চালের উপকারভোগী পরিবার সংখ্যা ৯৩ লাখ ৩৮ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ।
এছাড়া, দেশের ৬৪ জেলায় এ পর্যন্ত নগদ প্রায় ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে নগদ সাহায্য হিসেবে বরাদ্দ করা হয়েছে ৫২ কোটি ১৭ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৪১ কোটি ৬৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫১ লাখ ৭৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা প্রায় দুই কোটি ৪২ লাখ। শিশু খাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে ১১ কোটি ৯৫ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার এবং লোক সংখ্যা প্রায় পাঁচ লাখ ২৬ হাজার।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button