
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হয়েছে বলে আমি মনে করি না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করব।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে আসে, তবে এ বিষয়ে কী করা হবে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের জনগণের সঙ্গে কমিটমেন্ট (অঙ্গিকার) আছে। তিস্তা, পদ্মাসহ অভিন্ন যত নদী আছে, সবগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।
সরকারের ব্যর্থতার কারণে দেশে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত করবে, ভালো করবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে। মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উত্তম।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


