এক সপ্তাহে রেকর্ড ১৮ লাখ করোনা রোগী শনাক্ত

করোনা শনাক্তের সাপ্তাহিক পরিসংখ্যানে ফের রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত সপ্তাহে পৃথিবীতে প্রায় ১৮ লাখ (১৭ লাখ ৯৪ হাজার ৬০ জন) মানুষের শরীরে কভিড-১৯ রোগ ধরা পড়েছে।
এর আগের সপ্তাহেও শনাক্তের রেকর্ড হয়েছিল পৃথিবীতে। ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সাতদিনে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন ১৭ লাখ ৪২ হাজার ৩৮৯ জন। এরপর ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত রোগী বৃদ্ধি পেল ৫১ হাজার ৬৭১ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী (রিয়েল টাইমে), মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৩৬৯ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২৪৫ জন।
জুলাই মাসে করোনা সবচেয়ে বেশি ভুগিয়েছে। এই এক মাসে প্রায় ৭০ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়!
৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ডব্লিউএইচও’র দিনভিত্তিক হিসাব পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, গত ১৮ দিনে করোনা বেশি ছড়িয়েছে। এই সময়ে প্রতিদিন দুই লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।




