একসঙ্গে সেঞ্চুরি করল দুই দল

মিরপুরে চলছে জিম্বাবুয়ে-বাংলাদেশ একমাত্র টেস্ট। যেটা তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ১০০তম ম্যাচ। ১৯৯৭ সালের অক্টোবরে কেনিয়ার নাইরোবিতে জিমখানা মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। প্রায় সাড়ে ২২ বছর পর আজ তারা খেলছে নিজেদের ১০০তম ম্যাচটি।
এ সময়ের মধ্যে ১৭ টেস্ট, ৭২ ওয়ানডে ও ১১ টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। চলতি মিরপুর টেস্ট বাদ দিয়ে আগের ৯৯ ম্যাচে ৫৭টি জিতেছে বাংলাদেশ আর ড্র হয়েছে ৩টি ম্যাচ। বাকি ৩৯টি জয় গিয়েছে জিম্বাবুয়ের নামে।
১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত সময়ে খেলা ২০টি ম্যাচে বাংলাদেশের জয় ছিলো মাত্র ২টি, ড্র হয়েছিল আরও ২টি ম্যাচ। বাকি ১৬টি ম্যাচই জয়ী দল হিসেবে শেষ করেছিল রোডেশিয়ানরা।
তবে সর্বশেষ ১৫ বছরের হিসেব করলে পাশার দান পুরোপুরি চলে আসবে বাংলাদেশের হাতে। এ সময়ের মধ্যে খেলা বাকি ৭৯ ম্যাচে টাইগাররা জিতেছে ৫৫টিতে, ড্র করেছে ১টি আর পরাজিত হয়েছে বাকি ২৩টিতে।




