
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু কিছুতেই পর্যটক টানতে পারত না ডেনমার্কের ফারো দ্বীপপুঞ্জ। কারণ, ‘গুগল স্ট্রিট ভিউ’তে (ত্রিমাত্রিক মানচিত্র) দেখা যেত না ফারোর কোনও অংশ। এদিকে দুর্গম পাহাড়ে ঘেরা বলে গুগল থেকেও উৎসাহ দেখানো হয়নি ‘স্ট্রিট ভিউ’ তৈরি করার ব্যাপারে। শেষ পর্যন্ত সেই সমস্যার সমাধান করে দিল একদল ভেড়া!
তাদের মাথায় ক্যামেরা লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দ্বীপগুলিতে। ঘুরতে ঘুরতে যেখানেই তারা যাচ্ছে, উঠছে সেখানকার ছবি। সেই ছবিকে কাজে লাগিয়ে খুব সহজেই তৈরি করা সম্ভব হয়েছে ‘গুগল স্ট্রিট ভিউ’।
অভিনব এই বুদ্ধি খাটিয়েছে ডেনমার্কের পর্যটন দফতর। সুফলও মিলেছে হাতেনাতে। এখন পর্যটকদের ভিড় উপচে পড়ছে ফারো দ্বীপপুঞ্জে। এক বছরে ফারো দ্বীপপুঞ্জ থেকে ঘুরে গেছেন ৫০ হাজারেরও বেশি পর্যটক। শুধু তা–ই নয়, এখানে জমি কেনার জন্য অজস্র আবেদনপত্র জমা পড়ছে। কেউ স্থায়ী বাসিন্দা হিসেবে থাকতে চান, কেউ আবার খুলতে চান হোটেল এবং রিসোর্ট।
যে ভেড়াদের কল্যাণে রমরমিয়ে পর্যটন শিল্প চলছে ফারোতে তাদের অবশ্য ভোলেনি ডেনমার্কের সরকার। পশুকল্যাণ দফতরের উদ্যোগে তাদের জন্য আলাদা পার্ক বানিয়ে দেয়া হয়েছে। অঢেল খাদ্য এবং সুন্দর বাসস্থানে আরামেই আছে তারা।




