রাজনীতিশিরোনাম

ছাত্রলীগ মেশিনে ঢুকে মেধাবীরা খুনি হয়ে যায় : নুর

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য আছে, কিন্তু কোনো বর্তমান নেই। গত ২০ বছরে এমন কোনো অঘটন নেই, যা ছাত্রলীগ করেনি। অভিভাবকদের বলব, আপনার সন্তান এই গুন্ডা-পান্ডাদের সাথে মিশে খুনি হয়ে যাচ্ছে কি না, খেয়াল রাখতে হবে।
ছাত্রলীগের কর্মীদের মারধরের শিকার হওয়ার দুই বছর পূর্তি উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব বলেন, ছাত্রলীগ নামের মেশিনে ঢুকে মেধাবী শিক্ষার্থীরা খুনি হয়ে যাচ্ছে। এ মেশিন ভাঙতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দাসপ্রথা তৈরি করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের এই দুর্বৃত্তায়ন আর মেনে নেয়া যাবে না।
তিনি বলেন, ভারতের বিতর্কিত এনআরসি-সিএএ বিলের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর নির্যাতনের ঘটনার বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। তথাকথিত ভুঁইফোড় সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ মিলে ডাকসুতে আমাদের ওপর নির্মম হামলা চালিয়েছিল। সেদিন তাৎক্ষণিক ভিসি-প্রক্টরকে জানালেও তারা কর্ণপাত করেননি।
নুর বলেন, সরকারের উচ্চ মহল থেকে আশ্বাস দিলেও সে হামলার বিচার আমরা আজও পাইনি। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। ভারতীয় এজেন্টদের ইন্ধনেই এ হামলা হয়েছিল।
ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়ার সঞ্চালনায় বুধবারের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি তরিকুল ইসলাম, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আসিফ মাহমুদ প্রমুখ।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button