sliderফিচারশিরোনাম

একজন সাংবাদিক এ বি এম মূসা শ্রদ্ধাঞ্জলি

মেসবা খান : এ বি এম মূসা (জন্মঃ২৮ ফেব্রুয়ারি,১৯৩১–মৃত্যু: ৯ এপ্রিল, ২০১৪) একজন প্রখ্যাত বাংলাদেশী সাংবাদিক। তিনি একাধারে একজন সাংবাদিক, সম্পাদক ও কলামিস্ট। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দীর্ঘকাল ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজার্ভার-এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক-এর দায়িত্ব পালন করেছেন। ২০১৪ খ্রিস্টাব্দে মৃত্যু পর্যন্ত টানা ছয় দশক তিনি সাংবাদিকতা করে গেছেন। ১৯৭১-এ স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সরকারের নিমোর্হ সমালোচনায় তিনি ছিলেন নির্ভীক ও সোচ্চার। তাঁর লেখনী ছিল ক্ষুরধার। তিনি আমৃত্যু সাধারণ মানুষের অধিকারের কথা বলেছেন। মৃত্যুর পূর্ববর্তী বছরগুলোতে তিনি টেলিভিশন টক-শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর মৃত্যু পরবতী সংবাদ প্রতিবেদনে বলা হয় “এবিএম মূসা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের জ্যেষ্ঠতম সদস্য ও অভিভাবক।”

জন্মঃ
এ বি এম মূসার জন্ম ১৯৩১ সালের ২৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

সাংবাদিক জীবনঃ
বাংলাদেশের সাংবাদিক মহলে “মুসা ভাই” বলে খ্যাত সর্বজনশ্রদ্ধেয় এবিএম মূসা ১৯৫০ সালে, মাত্র ১৯ বৎসর বয়সে, দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। একই বছরে তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সরকার পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি সংবাদে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি মর্নিং নিউজ পত্রিকায় যোগ দিয়েছিলেন। ২০০৫ খ্রিস্টাব্দে তিনি প্রায় এক বৎসরের জন্য দৈনিক যুগান্তর পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি এই ক্লাবের আজীবন সদস্যও ছিলেন। তিনি চারবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

সাংবাদিকতার জগতে এবিএম মূসা’র পদার্পন প্রসঙ্গে দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক আবু হাসান শাহরিয়ার লিখেছেন, “প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা শুরুর আগেই গান্ধিদর্শনের মধ্য দিয়ে তার সংবাদে হাতেখড়ি। সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে গান্ধি যখন নোয়াখালী আসেন, দশ মাইল পথ হেঁটে তাকে এক নজর দেখতে গিয়েছিলেন এবিএম মূসা। তখন তিনি স্কুলের ছাত্র। গান্ধিকে দেখার পর আবারও দশ মাইল পথ হেঁটে বাড়িফেরা। ফিরে এসে কৌতূহলী পাড়াপ্রতিবেশীদের কাছে গান্ধির খবর-পরিবেশন।

স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতার জগতে মূসা ছিলেন গুরুজনের মতো। বলা হয়েছে,”তার নিউজ সেন্স ছিল সব নিউজ এডিটরের মধ্যে সেরা। পেইজ মেকআপ করার সময়ে তিনি ত্বরিত বলে দিতেন কোন নিউজটা লিড হবে। কোনটা সেকেন্ড, কোনটা থার্ড লিড; কোন ফটো ব্যবহার করতে হবে। ইত্যাদি।

মুক্তিযুদ্ধে ভূমিকাঃ
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন এবিএম মূসা। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতিঃ
রাজনীতি এবিএম মূসা’র পছন্দের বিষয় ছিল না। পাকিস্তান আমলে ১৯৭০-এর নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য তাকে বলা হয়েছিল তিনি বলেছিলেন, “যদি কোনদিন দেশ স্বাধীন হয়, তবেই নির্বাচনে দাঁড়াব— এখন নয়।” দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ মুজিবের আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭৩-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফেনী আসন থেকে প্রতিদ্বন্দিতা করেন এবং বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের একজন সদস্য তথা আইন প্রণেতা নির্বাচিত হন। ১৯৭৫ খ্রিস্টাব্দে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আর রাজনীতিতে সক্রিয় হন নি, তবে আওয়ামী লীগের রাজনীতির প্রতি তার অনুগ্রহ ছিল।

জাতিসংঘে যোগদানঃ
১৯৭৮ সালে এ বি এম মূসা ব্যাংককে অবস্থিত জাতিসংঘের পরিবেশ কার্যক্রমের (এসকাপ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে যোগ দেন।

সর্বশেষ কর্মস্থলঃ
১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি কিছুদিন দৈনিক যুগান্তরের সম্পাদকের দায়িত্ব পালন করেন।

টেলিভিশনে আলোচনা সভাঃ
এ বি এম মুসা মৃত্যুর পূর্ববর্তী বছরগুলোতে টেলিভিশন টক-শোতে গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জ্জন করেন। সরকার ও সরকারি দলের কর্মকাণ্ডের সমালোচনার জন্য তাকে অনেক গঞ্জনার শিকার হতে হয়।

মৃত্যুঃ
৯ এপিল ২০১৪ তারিখ বুধবার দুপুর সোয়া একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বৎসর বয়সে তাঁর মৃত্যু হয়।

প্রকাশনাঃ
তিনি ‘মুজিব ভাই’ নামের একটি বই রচনা করেন। ২০১২ খ্রিস্টাব্দে প্রকাশিত এই বইয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর র্দীঘ দিনের ঘনিষ্ঠ সংশ্রবের বয়ান রয়েছে। মৃত্যুর অব্যবহিত পূর্ব বৎসরসমূহে তিনি একটি আত্মজীবনী রচনা করেছিলেন। এটি প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button