
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নকলের দায়ে ঝালকাঠির নলছিটির দুইটি কেন্দ্রে ৩ শিক্ষার্থী বহিষ্কার ও ৯ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলার হদুয়া মাদরাসা কেন্দ্রে ২ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ জন শিক্ষার্থী বহিষ্কার ও ৬ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার পরীক্ষা শেষে উপজেলা শিক্ষা অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নলছিটি গালস স্কুল অ্যান্ড কলেজ স্কুল কেন্দ্রের কেন্দ্র সচিব নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, পরীক্ষার হলে নকল পাওয়ার কারণে ১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৬ জন শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত কাগজ রেডি করছি তাই এখন সবার নাম বলা সম্ভব হচ্ছে না।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান,“পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রের ভেতরে মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার সময় দুটি কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ জন শিক্ষককে অব্যাহতি এবং ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।”তিনি আরও জানান, “পরীক্ষার পরিবেশ স্বচ্ছ রাখতে নিয়মিত তদারকি ও কড়া নজরদারি চলবে।”
জানা গেছে, এ বছর ঝালকাঠি জেলায় এইচএসসি, আলিম ও সমমানের (ভোকেশনাল ও বিএম) পরীক্ষায় মোট ৭ হাজার ৫১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। জেলার ৪টি উপজেলার ২৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঝালকাঠি সদর উপজেলায়। এখানে পাঁচটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ হাজার ৮৭৩ জন। নলছিটিতে দুইটি কেন্দ্রে ৬৯৬ জন, রাজাপুরে তিনটি কেন্দ্রে ৮৪৪ জন এবং কাঠালিয়া উপজেলার দুইটি কেন্দ্রে ৬৫৮ জন পরীক্ষার্থী রয়েছেন।




