
এ আর লিমন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।
রোববার (৫ মে) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীন ভয়েস ও তিস্তা নদী রক্ষা কমিটি, কুড়িগ্রাম-এর যৌথ আয়োজনে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল আনছারী, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার এবং বাপা কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান। সঞ্চালনায় ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সারফারাজ সৌরভ।
বক্তারা বলেন, “বুড়ি তিস্তা আমাদের প্রাণ, অথচ আজ অবৈধ বালু উত্তোলন, দখল আর অনিয়মের কারণে নদী ধ্বংসের মুখে। প্রশাসন এ বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
এসময় গ্রীন ভয়েসের পক্ষ থেকে রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল ৫ দফা দাবি উত্থাপন করেন।




