উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন এম এ কাদের

আমতলী, বরগুনা: আমতলী উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৮ জনে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
জানাগেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অমতলী উপজেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হয়। ওই নিবার্চনে চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান ঋণ খেলাপীর তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হন। ওই বছরের ২১ এপ্রিল ঋণ খেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলহাজ্ব সামসুদ্দিন আহম্মেদ (ছজু) বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নিবার্চন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গতবছর ৩১ আগষ্ট আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নিবার্চন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নিবার্চনের আদেশ দেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী ১৬ মার্চ নিবার্চনের দিন ধায্য করে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নিবার্চনের তফসিল ঘোষনা করেন।



