উত্তেজনার পারদ চড়ানো এক ওভারে জয়, পয়েন্ট টেবিলের কোথায় রংপুর

রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস। শেষ ওভারের খেলা চলছে। জয়ের জন্য মাশরাফিদের প্রয়োজন ১৪। বল হাতে এলেন চিটাগংয়ের পেসার তাসকিন আহমেদ। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলে ছক্কা হাকান থিসারা পেরেরা। তৃতীয় বলে রান আউট হয়ে যান নাহিদুল ইসলাম।
পরের বলে ক্রিজে এলেন শাহরিয়ার নাফিস। কিন্তু দুর্ভাগ্য! এসেই ক্যাচ তুলে দিলেন তিনি। ম্যাচের উত্তেজনা বেড়ে যায় আরো কয়েকগুণ।
শেষ দুই বলে প্রয়োজন ছয় রান। পরের বলে দুই রান নেন পেরেরা।
উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কারণ হার-জিৎ নির্ভর করছে এক বলের ওপর। প্রয়োজন চার রান।
সেই মুহূর্তে একটি ওয়াইড দেন তাসকিন।
এখন শেষ বলে প্রয়োজন ৩ রান।
বল হাতে এগিয়ে আসছেন তাসকিন। ক্রিজে পেরারা।
বল ছুঁড়লেন তাসকিন। স্ট্রাইকে দাঁড়ানো পেরারা সেটিকে উড়িয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ছক্কা!
বাধভাঙ্গা উল্লাসে ফেটে পড়ল রংপুরের ভক্ত-সমর্থকরা।
চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারায় রংপুর রাইডার্স।
এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ ওপরে উঠে চতুর্থস্থানে অবস্থান করছে মাশরাফি মর্তুজার রাইডার্সরা। আট ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট আট।
শীর্ষে আছে খুলনা। আট ম্যাচে পাঁচ জয় নিয়ে তাদের পয়েন্ট ১১ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে ১০ পয়েন্ট নিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এক পয়েন্ট কম নিয়ে ঢাকা ডায়নামাইটস আছে তৃতীয় স্থানে।
পঞ্চম স্থানে সিলেট সিক্সার্স। ছয় ও সাত আছেন যথাক্রমে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস।




