আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উত্তর কোরিয়াকে জ্বালানী দেয়ার মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করল রাশিয়া

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়াকে জ্বালানী তেল সরবরাহ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো দলিল-প্রমাণ ছাড়াই এ অভিযোগ এনেছে ওয়াশিংটন।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সোমবার অভিযোগ করেন, পিয়ংইয়ং’র ওপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘ধোঁকা দিয়ে’ সাগরে জাহাজে করে উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের ‘ব্যাপক প্রমাণ’ ওয়াশিংটনের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে খবর দেয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সাগরে জাহাজ থেকে উত্তর কোরিয়ার জাহাজে জ্বালানী তেল সরবরাহের যে প্রক্রিয়া চলছে তা শনাক্ত করতে আমেরিকার নেতৃত্বে জোট গঠনের চেষ্টা চলছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গত ১৪ সেপ্টেম্বর জার্নাল জানায়, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স আমেরিকার নেতৃত্বাধীন ওই জোটে যোগ দেবে। এসব দেশ উত্তর কোরিয়াকে জ্বালানী তেল সরবরাহকারী জাহাজ শনাক্ত ও তা আটক করতে যুদ্ধজাহাজ দিয়ে সহযোগিতা করবে বলে মার্কিন দৈনিকটি জানিয়েছে।
উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতা প্রদর্শনের জন্য আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে যে আহ্বান জানানো হচ্ছে তা উপেক্ষা করে আমেরিকা এ তৎপরতার শুরু করেছে।
উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা যে শান্তি প্রক্রিয়া শুরু করেছে তার জের ধরে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার জন্য সম্প্রতি রাশিয়া ও চীন জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। তবে ওয়াশিংটন বলছে, উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্র সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত দেশটির ওপর থেকে চাপ কমানো হবে না।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button