আন্তর্জাতিক সংবাদ

উত্তর কোরিয়াকে চাপে রাখতে থার্ড মোতায়েন করবে আমেরিকা

দক্ষিণ কোরিয়ায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা থার্ড মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। বুধবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হান মিং গু এবং ইয়ান বিউং সি-এর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টর ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়।
ওয়াশিংটন জানিয়েছে, উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু অস্ত্র মজুদ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এক সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, ‘উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা পূর্বের যেকোন সময়ের চেয়ে উদ্বেগজনক। তাই উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।’
পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন জন কেরি। কেরি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মিত্র শক্তি দক্ষিণ কোরিয়াকে রক্ষা করার জন্য থার্ড মোতায়েন করা জরুরি হয়ে পড়েছে।’
এরআগে চলতি বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সাথে কোরিয় উপদ্বীপে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কথিত হামলার হুমকি ঠেকাতে থার্ড মোতায়েন করা হবে বলে সেসময় এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছিল।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে ৭ম বারের মতো মধ্যম পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। তবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল উত্তর কোরিয়া ওই পরীক্ষায় সফল হতে পারেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button