উখিয়ায় অপ্রাপ্ত বয়স্ক কন্যা শিশুকে অপহরণ পর বিয়ের অভিযোগ

উখিয়ায়,কক্সবাজার : কক্সবাজারের উখিয়া এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই মেয়ের বাবা মহিউদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেছেন।
গত ৩ অক্টোবর ভোর চারটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি হাজম পাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রমতে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং কেরুনতলি ঘোনার পাড়া এলাকার মনিক্কার ছেলে মোহাম্মদ হেলাল (২০) উখিয়ার হাজম পাড়া এলাকার মহিউদ্দিনের মেয়ে সানজিদা সুলতানা তুফা (১৪)কে ৩ অক্টোবর ভোররাতে একদল সন্ত্রাসী নিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে কন্যা শিশুর বাবা-মা অনেক খোজাখুঁজির পর জানতে পারে পালংখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হকের বড় ভাই মনিক্কার বাড়িতে তার মেয়ে আছে। পরে সেখানে তারা মেয়ের সন্ধানে মনিক্কার বাসায় গেলে জোরপূর্বক তাড়িয়ে দেয়া হয়। পরে তারা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে টেকনাফ থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর বিষয়টি তদন্তে আসেন।
ঘটনার বিষয়ে এসআই মুজিবুরের নিকট জানতে চাইলে তিনি জানান, অপহরণকারী হেলালের ঘর তল্লাশী করে তাদের পাওয়া যায়নি। পরে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন উখিয়া উপজেলার পালংখালীতে তারা অবস্থান করছে। এলাকাটি টেকনাফ থানার আওতাধীন না হওয়ায় তিনি ব্যবস্থা নিতে পারেননি বলে জানিয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তারা বিয়ে করেছে বলে একটি ভিডিও ভাইরাল হলেও মেয়ের বাবা-মায়ের দাবি তাদের মেয়েকে জোর করে অপহরণ করে এসব ছাড়ানো হচ্ছে।
মেয়ের বাবা-মায়ের কাছে জানতে চাইলে তারা জানান, তাদের অপরিপক্ক শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
উখিয়া উপজেলা প্রতিনিধি




