ঈদুল আজহা ১৩ সেপ্টেম্বর

শুক্রবার সারাদেশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ আগামী ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার উদযাপিত হবে। ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন।
বজলুল হক হারুন জানান, বাংলাদেশে কোথাও জিলহজের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রোববার থেকে জিলহজ মাস শুরু হবে। ১০ জিলহজ, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হবে।
ইসলাম ধর্ম অনুসারে, হিজরি পঞ্জিকার জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। ধর্ম প্রাণ মুসলমানরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সেদিন পশু কোরবানি দিয়ে থাকেন।
চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১১ সেপ্টেম্বর।




