শিরোনামশীর্ষ সংবাদ

ঈদযাত্রার প্রথমদিনে সড়কে ভোগান্তি

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদযাত্রার প্রথমদিনে কমলাপুর রেলস্টেশনে ঢল নামে ঘরমুখী মানুষের। যাত্রীদের ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, ছাদে ওঠার লড়াই—চিরচেনা ঈদযাত্রার দৃশ্য। সকাল থেকে কয়েকটি রেলপথের ট্রেন ছাড়া বেশির ভাগ ট্রেনই সময়মতো স্টেশন ছেড়ে গেছে। কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে সড়কপথে। দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় সড়কপথে যাওয়া যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
শুক্রবার (১৭ আগস্ট) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। এসব মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের দেখা গেছে। এ জন্য ঈদে ঘরে ফেরা হাজারো মানুষ সড়কে ভোগান্তিতে পড়েছেন।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ওই মহাসড়কের ওভারব্রিজের ওপর একটি ট্রাক বিকল হয়ে গেলে সরাতে সময় লাগে। এরপর থেকে শুরু হয় যানজট। এই যানজট কালিয়াকৈর খারাজোরা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এছাড়া সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এলিগেন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যান চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ।

মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ভোর থেকে ঘরে ফেরা মানুষের প্রচুর ভিড় ও যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। এরই মধ্যে সকাল সাড়ে ৭টায় সোনারগাঁর মেঘনা সেতুতে সিমেন্টবোঝাই একটি ট্রাক বিকল হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাখানেক যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইউম আলী জানান, বিকল ট্রাকটি সরিয়ে নিলে যানজট খানিকটা কমে আসে। এখন স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে মহাসড়কে। যাত্রী ভোগান্তি নেই।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে দাউদকান্দির পুটিয়া পর্যন্ত যানজট লেগে আছে। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ যানজট আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অব্যাহত রয়েছে।
হাইওয়ে পুলিশের দাউদকান্দির থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ সামনে রেখে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়া এবং চার লেন থেকে সেতুর দুই লেনে উঠতে গিয়ে গাড়ির গতি কমে যাচ্ছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে প্রথম যে দিনের আগাম টিকেট বিক্রি করেছিল, সেই ট্রেন যাত্রা শুরু হয়েছে আজ থেকে। আর যাত্রার প্রথম দিনেও দু একটি ট্রেন ছাড়া প্রায় অধিকাংশ ট্রেন সময়মতো স্টেশন ছেড়েছে। ভোর পাঁচটায় প্রথম ঈদের ট্রেন ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়। এর ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে না ট্রেনে করে ঘরমুখো উচ্ছ্বসিত মানুষদের।
সুত্র : পূর্বপশ্চিম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button