অর্থনৈতিক সংবাদ

ইসলামী ব্যাংক দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বপ্রথম কল্যাণমুখী ধারা প্রবর্তন করে : আরাস্তু খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৭ সালে সুবিধাবঞ্চিত এক হাজার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান প্রধান অতিথি থেকে শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্যায়ে ২৭৫ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা উপকরণ হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, অডিট কমিটির চেয়ারম্যান ড. মো: জিল্লুর রহমান ও পরিচালক অধ্যাপক মো: সিরাজুল করিম।
উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক সাইয়েদ আবু আসাদ, অধ্যাপক ড. কাজী শহিদুল আলম, মো: মিজানুর রহমান, মো: জয়নাল আবেদীন, হেলাল আহমেদ চৌধুরী ও অধ্যাপক মো: নাজমুল হাসান। ম্যানেজিং ডাইরেক্টর মো: আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব উল আলম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টররাসহ ঊর্ধ্বতন নির্বাহী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন।
ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান প্রধান অতিথির ভাষণে বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। তাদের নিজেদের উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের জন্য কাজ করতে হবে। ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির মাধ্যমে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ করে দিয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংক একটি নৈতিক ও শরিয়াহভিত্তিক ব্যাংক। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ ব্যাংক সর্বপ্রথম কল্যাণমুখী এ ধারা প্রবর্তন করে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সার্বিক কল্যাণ নিশ্চিত করা ইসলামী ব্যাংকের প্রধানতম উদ্দেশ্য।
ম্যানেজিং ডাইরেক্টর মো: আবদুল হামিদ মিঞা বলেন, ইসলামী ব্যাংক শুরু থেকেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, আগামীতে আরো বেশি শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় আনবে ইসলামী ব্যাংক। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button